ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে কোটি গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৮, ১৩ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে কোটি গ্রাহক

ফাইল ছবি

বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সমস্যায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী প্রতিষ্ঠানটির একাধিক অনলাইন সেবা ব্যবহার করতে পারছেন না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৩২ মিনিট থেকে এ বিভ্রাট শুরু হয়। এর ফলে মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং ওয়ার্ড ৩৬৫-এর অনলাইন সংস্করণ ব্যবহারে বিঘ্ন ঘটছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাংলাদেশের একাধিক করপোরেট প্রতিষ্ঠানের আউটলুক ব্যবহারকারীরাও শুক্রবার সকাল থেকে ই-মেইল সেবাটি ব্যবহার করতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একটি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রাত থেকেই মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে পারছেন না তাঁরা। শুক্রবার অফিস বন্ধ থাকলেও অনলাইনে তাঁদের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে।

ওয়েবসাইট ও অনলাইন সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাট শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যে বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবায় সমস্যা ছড়িয়ে পড়ে। এরপরও বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির একাধিক সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি।

এ বিভ্রাটের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করেন। অস্ট্রেলিয়ার কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ইনভয়েস প্রিন্ট করতে পারেনি। একই কারণে কয়েকটি স্কুল অনলাইন ক্লাস পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশেও এ সমস্যার প্রভাব পড়েছে।

মাইক্রোসফট প্রথম দিকে জানিয়েছিল, সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে। তবে কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটি জানায়, সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি। একই সঙ্গে এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে তারা।

এদিকে মাইক্রোসফটের সেবায় বিভ্রাটের সুযোগ নিয়ে প্রতারণা ও ফিশিং হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের সতর্ক করেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিঙ্গাপুর কার্যালয় গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আইএনজি অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রতারকরা মাইক্রোসফটের সেবা পুনরুদ্ধারের কথা বলে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ব্যাংক অব কুইন্সল্যান্ডও ব্যক্তিগত তথ্য ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার বিষয়ে সতর্ক করেছে।

ব্যবহারকারীদের সন্দেহজনক ফোনকল এড়িয়ে চলা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং অজানা উৎস থেকে আসা ফাইল বা অ্যাটাচমেন্ট না খোলার পরামর্শ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

মাইক্রোসফট জানিয়েছে, প্রকৌশলীরা সমস্যার সমাধানে কাজ করছেন। তবে প্রতিষ্ঠানটির সেবাগুলো পুরোপুরি কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন