শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৪৭, ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ইসলামি আদর্শে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’ অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ১৯০টিরও বেশি দেশের মুসলমানেরা প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।
বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহার বাড়ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে ইতোমধ্যে অ্যাপটি ৩০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে। প্রতি মাসে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।
মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি হলেও ‘আলফাফা’ নিজেকে ইসলামি নীতিমালার ভিত্তিতে পরিচালিত নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে অশ্লীলতা, ফিতনা বা ইসলামবিরোধী কোনো কনটেন্ট প্রকাশের সুযোগ নেই।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন ইসলামপ্রিয় তরুণ এই উদ্যোগের সূচনা করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করা, যেখানে ইমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। প্ল্যাটফর্মটির লক্ষ্য বিশ্বব্যাপী একটি ডিজিটাল উম্মাহ গড়ে তোলা।
আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, বিশ্বজুড়ে মুসলমানদের সামাজিক যোগাযোগের যে প্রয়োজন, তা মূলধারার মাধ্যমগুলো যথেষ্ট পূরণ করতে পারে না। বরং এসব প্ল্যাটফর্মে ইসলামি মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তারা ইসলামি মতাদর্শে পরিচালিত একটি হালাল প্ল্যাটফর্ম চালু করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো, তারা একটি ‘ডিজিটাল উম্মাহ’ গড়ে তুলতে চান।
প্রতিষ্ঠানটি ‘আলফাফা কানেক্ট’ নামে একটি লাইট সংস্করণ উন্মোচন করেছে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এতে কম ডেটা খরচে দ্রুতগতির অভিজ্ঞতা পাওয়া যাবে। পাশাপাশি নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতিও চলছে।
কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, হাদিস ও বিভিন্ন ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। ব্যবহারকারীরা এখানে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ, হালাল রেস্তোরাঁ, চাকরি বা পেশাগত পরিচিতি বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে অনুদান দেওয়ার সুবিধার পাশাপাশি ই-ওয়ালেট যুক্ত হয়েছে। বিভিন্ন কোর্সে যুক্ত হয়েছেন ৭ হাজার শিক্ষার্থী। পাশাপাশি, আলফাফায় ইতোমধ্যে ২২ হাজারের বেশি রিলস প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগের পাশাপাশি ব্লগ, ফোরাম, চাকরি, শিক্ষাদান ও ই-কমার্সসহ বিভিন্ন সুবিধাসমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবে কাজ করছে প্ল্যাটফর্মটি। এক ক্লিকেই বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। শিগগিরই আলফাফায় বই কেনাবেচার বাজার চালু হতে যাচ্ছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে বই পড়ার সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
গুগল প্লে স্টোরে ‘আলফাফা’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস