ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

অচেনা নম্বর থেকে ফোন এলে চেনার উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১:৩৭, ১৬ অক্টোবর ২০২৬

অচেনা নম্বর থেকে ফোন এলে চেনার উপায়

ছবি: সংগৃহীত

অপরিচিত নম্বর থেকে ফোন এলে তা গ্রহণ করে অনেকেই প্রতারণার শিকার হন। এ ধরনের ভোগান্তি কমাতে কঠোর নির্দেশনা জারি করেছে ভারত সরকার।

যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিকম সংস্থাগুলোকে কলার আইডি ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কেউ ফোন করলে তার নম্বর মোবাইলে সংরক্ষিত না থাকলেও গ্রাহকের ফোনে কলারের নাম দেখা যাবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলোকে কলিং নেম প্রেজেন্টেশন ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে ফোন করা ব্যক্তির নাম ও পরিচয় জানা যাবে।

ভারতের নিজস্ব এই ব্যবস্থায় টেলিকম সেবাদাতাদের কাছে প্রত্যেক কলারের পরিচয় নথিভুক্ত থাকবে। কেউ ফোন করলে গ্রাহকের মোবাইলের পর্দায় নম্বরের পাশাপাশি কলারের নামও দেখা যাবে। আপাতত চতুর্থ ও পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

আগামী ১ নভেম্বর থেকে এই দুই ধরনের নেটওয়ার্কে কলিং নেম প্রেজেন্টেশন চালুর কথা রয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী, ফোন এলে পর্দায় তিনটি তথ্য দেখা যাবে, কলারের নাম, ফোন নম্বর এবং গ্রাহকের ফোনে ওই নম্বরটি যে নামে সংরক্ষিত রয়েছে, সেই নাম। কোনো নম্বর সংরক্ষিত না থাকলে টেলিকম সেবাদাতার কাছে থাকা নামটি দেখানো হবে।

আগামী দিনে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালু করতে টেলিকম সেবাদাতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে কয়েকটি টেলিকম সেবাদাতা নির্দিষ্ট কিছু ফোনে এই পরিষেবা দেওয়া শুরু করেছে। এত দিন কলারের নাম দেখানোর বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তবে নতুন নির্দেশনার ফলে টেলিকম সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন