ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

পূজায় নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫২, ১৬ অক্টোবর ২০২৬

পূজায় নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম

ছবি: ঢাকা এক্সপ্রেস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রত্যেকে নিজের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। পূজা এলেই নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না—এমন পরিবেশ প্রতিষ্ঠা করাই তাঁদের প্রত্যাশা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। মানুষের মধ্যে একধরনের আশঙ্কা কাজ করে। এ আশঙ্কা থেকে মুক্ত হয়ে সব ধর্মের মানুষ যেন তাঁদের ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারেন, সেটাই প্রত্যাশা।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে এনসিপি পূজায় অংশ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা ও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেছে। এবারও সারা দেশে দলের নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, তাঁরা বৈষম্যহীন বাংলাদেশ চান, যেখানে ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন।

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের ঘটনা নজরে এলে এনসিপি এর প্রতিবাদ জানাবে। সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই এ বিষয়ে কথা বলা হবে।

গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়। এ ধরনের পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি জড়িত। সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতেও তিনি গুরুত্ব দেন।

এবারের দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতারা এনসিপির কার্যালয়ে আসায় তাঁদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, কেন্দ্রীয় মন্দিরসহ সারা দেশে দলের নেতাকর্মীরা পূজার আয়োজনে অংশ নেবেন এবং সহযোগিতা করবেন।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন