ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২১, ১০ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে। এ মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে সে সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখেছে দেশের মানুষ। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থানের চেষ্টা দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার দাবি, ইউনূস সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে জানিয়ে তিনি দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভেতরে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে দলের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের আড়াল করা কিংবা তাদের অসম্মান করার চেষ্টাকারীদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়ব সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন