ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৬, ৪ অক্টোবর ২০২৬

দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে: জামায়াত আমির

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ব্যাংক, বীমা, করপোরেশন ও স্টক মার্কেটের অবস্থাও ভালো নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে দিনে-দুপুরে ও রাতে বিভিন্ন অপকর্ম ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানী যেহেতু সরকারের কেন্দ্রীয় অবস্থান, সেখানকার পরিস্থিতি থেকেই সারাদেশের অবস্থা বোঝা যায় বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

বিমানবন্দরের সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিন দিন আগে ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আখতারুজ্জামান লাগেজ পেতে তিন ঘণ্টার বেশি অপেক্ষা করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করতেই আখতারুজ্জামান কথা বলেছেন। তার বক্তব্য অনেকের পছন্দ নাও হতে পারে। তবে তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, সেটি সত্য বলে দাবি করেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমিরের দাবি, আখতারুজ্জামান ভুক্তভোগী যাত্রীদের পক্ষে কথা বলেছেন। বিশেষ করে প্রবাসীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার অভিযোগের বিষয়টি তিনি তুলে ধরেছেন বলে জানান।

আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাটিকে ‘তড়িঘড়ি’ ও ‘মিথ্যা’ মামলা বলে দাবি করেন ডা. শফিকুর রহমান। মামলায় শারীরিকভাবে কাউকে নাজেহাল করার যে অভিযোগ করা হয়েছে, সেটিও তিনি অস্বীকার করেন।

তার ভাষ্য, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন