ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

বিমানবন্দরে নিরাপত্তাকর্মী লাঞ্ছিত, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৪, ২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে নিরাপত্তাকর্মী লাঞ্ছিত, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। দণ্ডবিধির একাধিক ধারায় করা মামলাটির নম্বর ৬।

এজাহারে বলা হয়, ১ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্টে ট্রলি সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। এজাহার অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে আখতারুজ্জামান তার দিকে তেড়ে গিয়ে গালিগালাজ ও হুমকি দেন।

পরে আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের নিষেধ করেন। এ সময় আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া অন্য যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, এসব ঘটনায় বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। একই সঙ্গে বিমানবন্দরের শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।

এজাহারে আখতারুজ্জামানের সাবেক রাজনৈতিক দল বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময়ে বহিষ্কারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, তিনি মোট পাঁচবার বহিষ্কৃত হয়েছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন