শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৫, ১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের ভারতীয় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
তিনি বলেন, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘ভারতীয় আধিপত্যবাদ অবসানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খোমেনী ইহসান বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের দায়িত্ব কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং স্বাগতিক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
তিনি অভিযোগ করেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে প্রবেশ করছেন। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রশাসনিক স্বাধীনতার জন্য অবমাননাকর।
ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার বিষয়েও তিনি সমালোচনা করেন।
খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি সার্বভৌম। ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা ধরনের তাঁবেদারি হয়েছে বলে তাঁরা মনে করেন। এখন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময়।
কর্মসূচিতে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্যসচিব আব্দুস সালাম ও মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই