শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৭, ১ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারের পরিবর্তিত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর হোটেল পূর্বাণীতে আইসিবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আইসিবিকে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক, দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সরকারের ওপর নির্ভরশীলতার পরিবর্তে বাজারের নিয়মে প্রতিষ্ঠানটিকে পরিচালনা করতে হবে।
তিনি বলেন, দেশের পুঁজিবাজার এখন খুচরা বিনিয়োগকারীনির্ভর। বিশ্ববাজারের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে আইসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আইসিবিকে পুরোপুরি ডিজিটাল করার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তাঁর মতে, লেনদেন ও পুঁজিবাজারের বিভিন্ন কার্যক্রম কাগজবিহীন করে অনলাইনভিত্তিক করতে হবে।
আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগ না দেওয়ার সরকারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। আইসিবিতেও রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দেশের পুঁজিবাজারকে প্রস্তুত করার ওপরও গুরুত্ব দেন আমির খসরু। এজন্য আইসিবিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই