ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

অক্টোবর-নভেম্বরে ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবর-নভেম্বরে ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত

ফাইল ছবি

আগামী অক্টোবর ও নভেম্বরে দেশে এলএনজি আমদানিতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। চাহিদা অনুযায়ী দুই মাসে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০ এবং নভেম্বরে ৯ কার্গো এলএনজি আসবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, দুই মাসে এলএনজিবাহী কার্গো নিয়ে কোনো সমস্যা নেই। ফলে এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহেও ঘাটতি হবে না।

তিনি বলেন, প্রতি মাসে পরবর্তী তিন মাসের প্রয়োজনীয় এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এতে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা থাকবে না।

পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র জানায়, অক্টোবরে আসা ১০ কার্গোর মধ্যে স্পট মার্কেট থেকে ৩টি আনা হবে। দীর্ঘমেয়াদি চুক্তিতে ২টি এবং স্বল্পমেয়াদি চুক্তিতে ৫টি কার্গো আসবে।

নভেম্বরে ৯ কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তিতে ৬টি এবং স্বল্পমেয়াদি চুক্তিতে ৩টি কার্গো আমদানি করা হবে।

এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী কার্গোগুলো দেশে আসার পর জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে।

আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। ফলে ১৯ কার্গোতে মোট প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে।

জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারক করে পেট্রোবাংলা। কার্গো শিডিউলিং, চুক্তি ও টার্মিনাল পরিচালনার দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি আরপিজিসিএল।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন