শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ পানি ব্যবস্থাপনার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়নে প্রকল্পটি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকূলীয় এ অঞ্চলের নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতা কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থারও উন্নয়ন হবে।
এতে কৃষি, মৎস্য ও স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এর মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হতে পারে।
প্রকল্প অনুমোদনের পর নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলামকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত শুরু ও যথাযথভাবে বাস্তবায়ন হলে উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে কোম্পানীগঞ্জের মুছাপুরে থাকা ২৩ ভেন্টের রেগুলেটরটি ভেঙে যায়।
এরপর ছোট ফেনী নদী ও আশপাশের এলাকায় নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বেড়ে যায়। পরে রেগুলেটর পুনর্নির্মাণ এবং নদী ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই