শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর দেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ১ হাজার ৫০০টি বেশি।
পূজামণ্ডপের নিরাপত্তায় জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে বলে জানান তিনি। এ জন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে। পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা যাচাই করে পরিচয়পত্র দেওয়া হবে।
পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গাপূজার সরকারি ছুটি এ বছর তিন দিনে উন্নীত করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশবাসী টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
তিনি আরও জানান, পূজামণ্ডপে সরকারি অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এ অভিযান আরও জোরদার করা হবে।
অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী।
মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশ ভ্যান ভাঙচুরের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই