শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন—এমন এলাকাগুলোতে সারের সংকট হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, এসব এলাকায় সার নিয়ে কোনো আন্দোলনও হয়নি। একটি রাজনৈতিক দল বিএনপিকে হেয় ও বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগসহ কুমিল্লা অঞ্চল, বগুড়া, পাবনা, রাজশাহী, নাটোর ও নওগাঁয় সারের সংকট হয়নি।
তিনি দাবি করেন, বিএনপিকে জনগণের কাছে হেয় করতে একটি রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের উসকানি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জেলার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৭ সালের জুনের মধ্যে নির্বাচন শেষ করা হবে।
সারের সরবরাহ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে দেশে সারের সংকট হবে না। চাহিদার তুলনায় দেড় গুণ সার আমদানির প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, বাফার ও সাধারণ গুদামে আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত সার মজুদ রয়েছে।
গত ২৭ আগস্ট রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পান মীর শাহে আলম। দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথমবারের মতো কুড়িগ্রাম সফরে যান তিনি।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই