শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১০:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. বশির উল্লাহ আমতলী আদালত প্রাঙ্গণে পৌঁছালে তাদের স্বাগত জানান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
এ সময় আমতলী বারের আইনজীবীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে আমতলী থানা ও আদালত পুলিশের পক্ষ থেকে তাঁদের গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে বিচারপতিদ্বয় এজলাসে বসে বিচারিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আদালতের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরে বার ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারের এপিপি অ্যাডভোকেট মাহবুব আলমের আমন্ত্রণে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বার সভাপতি। সভায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান প্রজেক্টরের মাধ্যমে আদালতের উন্নয়ন কার্যক্রম এবং মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরেন।
সভায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী হরিহর চন্দ্র দাস, অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ বারের অন্যান্য আইনজীবী।
এ সময় আইনজীবীরা দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. আমতলীতে সিভিল জজ আদালত স্থাপনের প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করা।
২. বিচারকদের জন্য আবাসনের সুব্যবস্থা করা।
বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. বশির উল্লাহ বলেন, আমতলীতে বার ও বেঞ্চের মধ্যে যে সুসম্পর্ক বিরাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আইনজীবীদের যৌক্তিক দাবিগুলো তাঁরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় আদালতের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস