শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১:১২, ১৮ নভেম্বর ২০২৬
তাইবা ইলহাম নুহা। ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহত শিশুটির স্বজনেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।
নিহত তাইবা ইলহাম নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা এটিকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন। তারা শুরুতেই থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও পুলিশ প্রথমে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে।
পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে পৌঁছালে জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে। এতে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।
নিহত শিশুটির স্বজনেরা অভিযোগ করেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার দিনই তারা হত্যা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু তখন অপমৃত্যুর মামলা নেওয়া হয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে এসেছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, সাত বছর বয়সী শিশু নুহার হত্যার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস