ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩:০০, ১৮ নভেম্বর ২০২৬

সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

এম এম শাহীন। ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল। মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪২৭, ৪৩৬, ৩৮০ ও ১০৯ ধারা যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

২০০১ সালে একবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এম এম শাহীন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক। একসময় জাসদ ছাত্রলীগের কর্মী শাহীন ১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপিতে যোগ দেন। তিনি কেন্দ্রীয় যুবদলের কুটির ও শিল্পবিষয়ক সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

২০০১ সালের জাতীয় নির্বাচনে জোট থেকে মৌলভীবাজার-২ আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হলে তৎকালীন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জামায়াতের ডা. শফিকুর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।

২০০৭ সালের নির্বাচনে তিনি বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পান। তবে দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে নির্বাচন স্থগিত হয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। পরে বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন। ওই দলের সভা-সমাবেশে অংশ নিয়ে ফের আলোচনায় আসেন এম এম শাহীন। এর ফলে বিএনপি থেকে বাদ পড়েন তিনি।

পরে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন শাহীন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন