শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫২, ১৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনার পর ঢাকায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীতে নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল লক্ষ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
নিয়াজ মেহেদী বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় আশ্রয় নেওয়া ও আত্মগোপনে থাকা ব্যক্তিদের গ্রেফতারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।
তিনি জানান, বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই