ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয় স্থানে অবরোধ, অস্ত্র নিয়ে মহড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৩, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয় স্থানে অবরোধ, অস্ত্র নিয়ে মহড়া

ছবি: ঢাকা এক্সপ্রেস

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল থেকে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়াও দিচ্ছেন তাঁরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে পাটগাতী বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন জানান, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নে তাঁরা মাঠে রয়েছেন। গিমাডাঙ্গা, কুশলী, খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও অবরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। একই রাতে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বিজিবির একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক কয়েকজন নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ থেকে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এস এম জিলানীর ভাই হায়দার আলীর দাবি, হামলাকারীরা বাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন