ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৯, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান রাশেদ খাঁনের

ফাইল ছবি

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পরিবর্তে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, টুঙ্গিপাড়ায় নাশকতার কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা ব্যাহত হচ্ছে। সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তখন স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’

বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

রাশেদ খাঁনের মতে, টুঙ্গিপাড়ার পরিস্থিতির সমাধান সেখানকার মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়লে নিজেরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, এমন ঘটনা ঘটলে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে। এ কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার পক্ষে মত দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

এ সময় বিরোধী দলগুলোর প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান রাশেদ খাঁন। এমন কর্মসূচিকে সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন