শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৩, ১৭ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। তবে বিএনপির প্রতি ভালোবাসা এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা অটুট থাকার কথা জানিয়েছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার এ ঘোষণা দেন খান সাইফুল।
পোস্টে তিনি লেখেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ সময় মামলা ও হামলার শিকারও হয়েছেন।
দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে খান সাইফুল অভিযোগ করেন, দেশের বিভিন্ন মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করছেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দলের প্রতি আস্থা ও ভালোবাসা কমে যাচ্ছে।
তিনি দাবি করেন, এটি শুধু তাঁর ব্যক্তিগত বক্তব্য নয়, বরং সারা দেশের তৃণমূলের নেতাকর্মীদের মনোভাব। অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনের শিকার হওয়া বিএনপির কর্মীরা এখন বিভিন্ন কমিটিতে সেই দলের লোকজনের অন্তর্ভুক্তি দেখছেন।
ফেসবুক পোস্টে খান সাইফুল লেখেন, ‘আমি রিফাইন্ড বিএনপি চাই। যদি প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করে রিফাইন্ড বিএনপি গঠন করা হয়, তবেই আমি রাজনীতি করব। কিন্তু আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মিছিল-মিটিং করা আমার পক্ষে সম্ভব নয়, আমার রক্তে সেটা নেই।’
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, সম্প্রতি অসুস্থ হওয়ার পর তারেক রহমানের উদ্যোগে তাঁকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও তারেক রহমান বহন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের প্রতি কোনো ক্ষোভ বা অভিমান নেই জানিয়ে খান সাইফুল বলেন, ভবিষ্যতে বিএনপি কোনো সংকট বা আন্দোলনের মুখে পড়লে তিনি আবারও রাজপথে থাকবেন। তবে বর্তমান পরিস্থিতিতে সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের সঙ্গে রাজনীতি করতে চান না।
পোস্টের শেষাংশে তিনি সজ্ঞানে বিএনপির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে দল ও দলীয় প্রধানের মঙ্গল কামনা করেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই