ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৮, ৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

ছবি: ঢাকা এক্সপ্রেস

৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে এ দেশ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ তারা নিয়েছিল। আইন করে, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা জনগণের কাছ থেকে এসব নাগরিক অধিকার কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের মধ্যে পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।

এই নেতা বলেন, এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়। দেশ এক অমানিশায় ঢেকে যায়। ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়ার। জিয়াউর রহমান তা এনে দিয়েছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ২৩ নভেম্বর এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। তখন একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত হওয়ার যে আশা-আকাঙ্ক্ষা, তা হতাশায় নিমজ্জিত হয়ে যায়। মানুষ চরম অরাজকতার মধ্যে পড়ে যায়। সবখানে শঙ্কা বিরাজ করে। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তার মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।

শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে আন্তর্জাতিক দরবারে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বলে জানান রিজভী। তিনি বলেন, তার নেতৃত্বে এই জাতি বহুদলীয় গণতন্ত্র খুঁজে পায়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন