ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

নারীঘটিত অডিও-ভিডিওর অভিযোগকে ষড়যন্ত্র বললেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৭, ৮ নভেম্বর ২০২৬

নারীঘটিত অডিও-ভিডিওর অভিযোগকে ষড়যন্ত্র বললেন আমির হামজা

ফাইল ছবি

নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি নিয়ে অবশেষে মুখ খুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের তোলা অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা এসব কথা বলেন। এ সময় তিনি রাশেদ খাঁনের সমালোচনা করেন এবং আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তোলেন।

আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন.... নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত, আমার মনে হয় রাস্তায় ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো।’

রাশেদ খাঁনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে, এদের কথা যেন আল্লাহ বন্ধ করে দেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদদোয়া করেছিলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে।’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আমির হামজা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রিমান্ডে থাকাকালে তাঁকে মোবাইল ফোনে একটি অডিও শোনানো হয়েছিল। তাঁর দাবি, ওই অডিওতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কণ্ঠ নকল করে নারীর সঙ্গে কথোপকথন শোনানো হয়। এ সময় তিনি এর পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারের অভিযোগও করেন।

তিনি বলেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার এত বড় অসম্মান যারা করল, তাদের তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম, এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম। আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা অক্ষরের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই।’

আমির হামজার দাবি, আল্লামা সাঈদীর বিরুদ্ধে অতীতেও নানা অভিযোগ তুলে ষড়যন্ত্র করা হয়েছিল। বর্তমানে সত্য কথা বলা আলেমদের থামিয়ে দিতে একই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে গত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তাঁর হাতে এসেছে। সেগুলো যাচাই করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্টে দেওয়ার কথা জানান।

ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। তবে অডিওটির সত্যতা ও এতে থাকা ব্যক্তির পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন