শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৪, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৬, ৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে ওই দিন পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় ১৮ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করা হয়েছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন শুরু হতে পারে।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অধ্যাপক নাজমুল।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার গত বছরের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২৯ হাজার ১৩ জন।
অন্যদিকে, গত বছর সরকারি মেডিকেল কলেজগুলোর আসন ৫ হাজার ৩৮০ থেকে কমিয়ে ৫ হাজার ১০০ করা হয়। বেসরকারি মেডিকেল কলেজগুলোতেও ২৯২টি আসন কমানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই