ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

কুড়িগ্রামে এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯:০২, ৮ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এক এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহিদুল আলমের ছেলে মো. শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন বিকাশ ও রকেট লেনদেনের এজেন্ট নুর মোহাম্মদ (৩৯)। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজে বের হন। পরে বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাঁকে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ভূরুঙ্গামারী থানায় মামলা করে। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির (পিপিএম) নির্দেশনায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন