শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬, ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফ সৌরি। ছবি: সংগৃহীত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান এলাকার তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের একটি দল।
তাহসিফ সৌরির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে তার মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া যায়। পরে সেগুলোর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সৌরি।
তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনের পেছন থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিওটি ধারণ করেছিলেন তাহসিফ সৌরি। ওই ঘটনার পর তিনি স্বেচ্ছায় বিমানবাহিনীর চাকরি ছেড়ে দেন।
তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস