ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

মদের আসরে আটক ৩৪ জন ঢাবি-বিইউপির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০০, ২৩ অক্টোবর ২০২৬

মদের আসরে আটক ৩৪ জন ঢাবি-বিইউপির শিক্ষার্থী

ফাইল ছবি

রাজধানীর পূর্বাচলসংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ের একটি বাসায় মাদক ও মদের আসর থেকে আটক ৮৫ নারী-পুরুষ আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছেন।

এক প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ২৬ জন নারী। তাদের মধ্যে অন্তত ১২ জন ছাত্রী ও ২২ জন ছাত্রের পরিচয় পাওয়া গেছে।

শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই আয়োজনে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকসহ গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রাণ-আরএফএল গ্রুপ এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন। সেখানে কোনো ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটি ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া বাড়িটিতে সোমবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়।

অভিযানে আটক ব্যক্তিদের পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। তাদের মধ্যে ২৬ জনকে কাশিমপুর কারাগারে এবং বাকিদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি আব্দুল আলীম জানিয়েছেন, এ ঘটনায় থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি। ডিবির অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত সাজা ও জরিমানা দেন এবং ডিবির তত্ত্বাবধানে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন