ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৩, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৮, ১৭ অক্টোবর ২০২৬

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রমার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা ও গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় প্রমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রমা আত্মগোপনে যান। এরপর গোপনে সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এদিকে, প্রমার বাবা আতাউর জামান বাবু দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলায় তিনি কারাবন্দি রয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন