শিরোনাম
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৮, ১৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নগরীর পায়রা চত্বরে অবস্থিত স্কাই ভিউ হোটেলের একটি কক্ষ থেকে ওমর আলী ও মিথুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের তল্লাশি করে কক্ষটির খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা সেবনের একটি পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওমর আলী চাকরিতে থাকা অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস