ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

বরগুনায় দুর্গাপূজা উদ্বোধন করলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৬, ১৭ অক্টোবর ২০২৬

বরগুনায় দুর্গাপূজা উদ্বোধন করলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি দুর্গামন্দিরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর পূজা উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সব সময় সবার পাশে আছে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। সম্প্রীতির বরগুনায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। জেলার প্রতিটি মন্দিরে বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়নকাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

পরে মন্দির কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকারসহ বিভিন্ন মন্দির কমিটির নেতারা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন