ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

বারোবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩১০ রোগী

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৯, ১৭ অক্টোবর ২০২৬

বারোবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩১০ রোগী

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতির সার্বিক ব্যবস্থাপনায় বারোবাজার হাইস্কুল মাঠে দিনব্যাপী এ শিবিরের আয়োজন করা হয়।

এতে এলাকার অসহায় ও দরিদ্রসহ বিভিন্ন বয়সী প্রায় ৩১০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শিবিরে চোখ পরীক্ষা শেষে ৫০ জন রোগীকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয়। বাছাই করা রোগীদের যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে এবং রেশমি অ্যান্ড মাহমুদ সিদ্দিকী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ শিবিরে শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।

চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রবীণ শিক্ষক আরশেদ আলী পাতা, যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক ডা. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব আসাদুজ্জামান, যুগ্ম সদস্যসচিব এস এম সোহেল, তরিকুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য আমিনুর রহমান, বারোবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বারোবাজার ও আশপাশের এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন