ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৬:১৩, ১৭ অক্টোবর ২০২৬

ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তাঁর মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৭ অক্টোবর) বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শৈক্যচিং মার্মা তাঁকে রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও তাঁকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই তরুণী।

পুলিশের তথ্য অনুযায়ী, রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. মাসুদ পারভেজ। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে, স্থানীয় বাসিন্দা নুরুল আলমের অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পাহাড় কেটে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রিসোর্টটি গড়ে তোলা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন