শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৩, ১৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার (১৮ অক্টোবর)। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অতিথিদের আসন গ্রহণের সুযোগ থাকবে। বিকেল ৫টার পর অনুষ্ঠানস্থলে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।
জেডআরএফের পরিচালক ও ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অন্য এক বিজ্ঞপ্তিতে জেডআরএফের সব বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য, প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানের কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে জেডআরএফ। মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সারা দেশে পরিচিতি ও সুনাম অর্জন করেছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই