শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৮, ১৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের জন্য সাপ্তাহিক ছুটির মধ্যে এক দিনের ছুটি বাতিল করা হয়েছে।
ফলে আজ শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ ছুটির সমন্বয়ে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।
ব্যাংক বন্ধ থাকার একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস