ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ পরিষ্কার রাখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৯, ১৭ অক্টোবর ২০২৬

দেশ পরিষ্কার রাখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে আন্দোলনের মধ্যেই দায়িত্ব শেষ নয়; দেশ পুনর্গঠনেও তরুণদের ভূমিকা রাখতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দূষিত বাতাসের কারণে বিশেষ করে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন