ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২২, ১৬ অক্টোবর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটি

ফাইল ছবি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সদস্য মো. নূরুল ইসলাম রাজধানী ঢাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং এ-সংক্রান্ত অগ্রগতি তুলে ধরেন।

বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান এবং দুই বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অপরাধসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

উপস্থাপিত পরিসংখ্যানে ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, সিঁধেল চুরি, পুলিশের ওপর হামলা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য ও চোরাচালানসংক্রান্ত অপরাধের তথ্য অন্তর্ভুক্ত ছিল। এসব তথ্য-উপাত্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতির চিত্র উঠে আসে। এ উন্নতিতে বৈঠকে উপস্থিত কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়া সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ এবং দমনে নেওয়া কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন