শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৪, ১৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনা-২ আসনকে দেশের একটি মডেল ও অপরাধমুক্ত আসন হিসেবে গড়ে তুলতে বিশেষ মাস্টারপ্ল্যানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এ আসনের মানুষ যা কখনো কল্পনা করেনি, তেমন উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, এলাকায় কিশোর গ্যাং, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ দখলদারির কোনো স্থান নেই। আগামী দুই মাসের মধ্যে সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে।
তিনি বলেন, “পাথরঘাটায় হয় চাঁদাবাজ থাকবে, না হয় ওসি থাকবে।” অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
পরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত সালামি মঞ্চ ও সংসদ সদস্যদের জন্য নির্মিত বিশেষ পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন চিফ হুইপ।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে প্রতিটিতে পাঁচ হাজার টাকা এবং সরকারি বরাদ্দের এক টন করে চাল বিতরণ করেন তিনি।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার আর্থিক সহায়তার চেকও তুলে দেন চিফ হুইপ।
ঢাকা এক্সপ্রেস/এসআই