শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০:০৩, ১৬ অক্টোবর ২০২৬
প্রিতম মন্ডল। ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে প্রিতম মন্ডল (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ প্রিতম মন্ডল চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় প্রিতম। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার মুখের ডান পাশে, নাকের নিচে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় ছিল তুলসীর মালা।
একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। প্রিতমের সন্ধান পেতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি প্রিতম মন্ডলের সন্ধান পেলে তার বাবার মুঠোফোন নম্বর ০১৭১১৯৭৭৩৬৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। সন্তানকে সুস্থভাবে ফিরে পেতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন স্বজনেরা।
ঢাকা এক্সপ্রেস/এসএস