ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

সীমান্তে ২ পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১:০৩, ১৬ অক্টোবর ২০২৬

সীমান্তে ২ পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।

পরে ভারতের স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করে বিএসএফের কাছে তুলে দেন তারা। এরপর বিএসএফ দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায়।

ওসি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন