ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

দিল্লিতে ফের আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৫৫, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফের আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ

ফাইল ছবি

ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে তাঁকে আটক করা হয়।

এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে আটক হয়েছিলেন অভিজিৎ। পরদিন মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যান তিনি। এর আগের দিন বার্ধক্যজনিত কারণে তাঁর দাদি মারা যান।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার। এর মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। নির্বাচন শেষে তাঁদের নাম আবার তালিকায় যুক্ত করা হয়।

শুক্রবারের পতাকা উত্তোলন কর্মসূচির উদ্দেশ্য ছিল ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার এবং পরে রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানানো। গত ১৩ অক্টোবর যন্তরমন্তরে পতাকা উত্তোলনের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ১০ অক্টোবর যন্তরমন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল দলটি। তবে সেদিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। ওই দিন অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করা হলেও পরদিন তাঁরা মুক্তি পান।

শুক্রবার অভিজিৎকে আটকের আগে তাঁর দিল্লির বাসায় যায় পুলিশ। সেখানে তাঁকে জানানো হয়, সেন্ট্রাল পার্কে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও পতাকা নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

সূত্র: এনডিটিভি

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন