ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

জিবুতি উপকূলে নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২২, ১২ অক্টোবর ২০২৬

জিবুতি উপকূলে নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩৯

ছবি: সংগৃহীত

জিবুতি উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ অন্তত ১৩৯ জন অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮৪ জন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

রোববার (১১ অক্টোবর) জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের বরাতে আইওএম জানায়, জিবুতির পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এডেন উপসাগরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যবর্তী সময়ে এ দুর্ঘটনা ঘটে।

তিন শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর অন্তত ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া সবাই ইথিওপিয়ার নাগরিক। জিবুতির উদ্ধারকারী দল এখনও অভিযান চালিয়ে যাচ্ছে।

আইওএমের জিবুতি মিশনের প্রধান আলেকজান্ডার কোয়াক এ মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমাদের দল দুর্ঘটনাস্থলে জরুরি সহায়তা প্রদান করছে।’

বার্তা সংস্থা এপিকে আলেকজান্ডার কোয়াক জানান, এখন পর্যন্ত শুধু জিবুতির কর্তৃপক্ষের দাফন করা ব্যক্তিদের সংখ্যাই নিশ্চিত করা গেছে। এ ছাড়া অভিবাসীরা নিজেরাই অনেকের মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ সেসব মরদেহের বিষয়ে তথ্য যাচাই না করা পর্যন্ত সেগুলোকে মূল হিসাবের অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি সংকীর্ণতম স্থানে মাত্র ২০ কিলোমিটার বা ১২ দশমিক ৪ মাইল প্রশস্ত। হর্ন অব আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী নিয়মিত এ পথ ব্যবহার করেন।

উপসাগরীয় দেশগুলোতে কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় বহু মানুষ ঝুঁকিপূর্ণ এ যাত্রা বেছে নেন। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়া সত্ত্বেও এ পথে অভিবাসীদের যাতায়াত বন্ধ হয়নি।

আইওএম জানায়, গত ১০ সেপ্টেম্বরের পর ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারেরও বেশি মানুষ প্রবেশ করেছেন বলে নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এ পথ ব্যবহার করে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন