শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৩৬, ৯ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর দেশটির জাতীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদ বিমানবন্দরে হামলা চালিয়েছে তাদের বাহিনী। একই অভিযানে নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয় বলে জানান তিনি।
তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ ও খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া শনিবার পর্যন্ত রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বাতিল করেছে। লুফথানসা গ্রুপও সৌদি রাজধানীতে তাদের ফ্লাইট স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রও সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এর আগে মঙ্গলবার ও বুধবার আভা ও রিয়াদ বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে ইয়েমেনের তাইজসহ বিভিন্ন এলাকায় সরকার সমর্থিত বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। উভয় পক্ষই হামলা ও হতাহতের দাবি করেছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংঘাতের কারণে দেশটির মানবিক সংকটও গভীর হচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, গত জুলাই থেকে ইয়েমেনে নিখোঁজ স্বজনদের সন্ধান চেয়ে তারা ১ হাজার ৮০০টি অনুরোধ পেয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই