ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:১২, ৬ অক্টোবর ২০২৬

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ছবি : সংগৃহীত

অ্যাস্ট্রোফিজিক্যাল উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্র উন্নয়নে অবদানের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ফ্রান্সিস হালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটির পদার্থবিজ্ঞানবিষয়ক চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, হালজেন আন্তর্জাতিক গবেষক ও প্রকৌশলীদের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। তাদের তৈরি যন্ত্র নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ তৈরি করেছে।

বেলজিয়ামে জন্ম নেওয়া ৮২ বছর বয়সী হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। পুরস্কার ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দক্ষিণ মেরুতে নিউট্রিনো শনাক্তের বিষয়ে হালজেনের গবেষণা শুরু হয় ১৯৮০-এর দশকে। দীর্ঘ গবেষণার ধারাবাহিকতায় তার নেতৃত্বে গড়ে ওঠে আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্র।

এই পর্যবেক্ষণকেন্দ্র মহাবিশ্বের দূরবর্তী ও উচ্চশক্তির উৎস থেকে আসা নিউট্রিনো শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। এর পরিমাণ প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।

সোমবার চিকিৎসাবিজ্ঞানের নোবেল ঘোষণার মধ্য দিয়ে এবারের পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন