শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:২৬, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৭, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
সন্ত্রাসবাদে জড়িত থাকার অপরাধে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর খালিজ টাইমসের।
শনিবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে ওই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়। তারা হলেন ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।
তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ছিল। একই সঙ্গে সৌদি আরবে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাযির হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন। আপিল আদালত ও সুপ্রিম কোর্টও এ দণ্ড বহাল রাখেন। পরে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় জানিয়েছে, সৌদি সরকার দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি ও মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কেউ একই ধরনের অপরাধে জড়ালে তাকেও ইসলামী আইন অনুযায়ী নির্ধারিত শাস্তির মুখোমুখি হতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস