ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

ঝালকাঠি

জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াটের সোলার প্যানেল উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি:

প্রকাশ: ১৮:৫৫, ১৫ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াটের সোলার প্যানেল উদ্বোধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝালকাঠি প্রতিনিধি: জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে। রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোলার প্যানেল স্থাপন প্রকল্পের চুক্তিমূল্য ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা। স্থাপিত প্যানেল থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড। মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেট মিটারিং ব্যবস্থায় ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা। এ অর্থ তিন মাস পরপর সুবিধাভোগীর ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।

এ কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারাও রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি এবং হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদন ফি ৫০০ টাকা। তালিকাভুক্তির মেয়াদ থাকবে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

এ ছাড়া বিশেষ প্রণোদনা পেতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এ সুবিধা কার্যকর থাকবে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত।

সংশ্লিষ্টরা মনে করছেন, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন