ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিব পাবেন সরকারি ভাতা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১১:১৫, ১৫ নভেম্বর ২০২৬

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিব পাবেন সরকারি ভাতা

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, ইতোমধ্যে দেশের কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু হয়েছে। প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের মসজিদগুলোতে এ ভাতা পৌঁছে দেওয়া হবে।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় ‘খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া’র উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়ার উদ্যোগ চালু করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদান বিবেচনায় নিয়েই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। সে সময় ওলামা-মাশায়েখদের ওপর নির্যাতন চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নির্বাচনের সময় একটি দলের পক্ষ থেকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন প্রচারণার সমালোচনা করে তিনি এ ধরনের বিভ্রান্তিকর কার্যক্রম থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান। এ ছাড়া শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের কোনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও কঠোর হতে চায় না। তিনি সবাইকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।

আয়োজক প্রতিষ্ঠান খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে অংশ নেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পীর মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে মাওলানা আব্দুল কুদ্দুসের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রীও অংশ নেন।

উল্লেখ্য, একই দিন সকালে প্রতিমন্ত্রী নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন