শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৭, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষের চেয়ার-টেবিলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ারের ওপর থাকা একটি তোয়ালের কিছু অংশ পুড়ে যায়। তবে টেবিলের ওপর মোটা গ্লাস থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়টি।
ঘটনার সময় অফিসের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার আলামত দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্য কর্মকর্তাদের বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।
উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা তাঁর দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এর আগে প্রতিটি দপ্তরপ্রধানকে নিজ নিজ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই