শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩০, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
২০০৭ সালের ১৫ নভেম্বর। রাত তখন প্রায় ৮টা। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ। ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি গতির বাতাস ও ভয়াবহ জলোচ্ছ্বাসে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় গ্রামের পর গ্রাম। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, ফসলের মাঠ ও জনপদ। প্রাণ হারান হাজারো মানুষ, নিখোঁজ হন অনেকে। গবাদিপশু ও সহায়-সম্বল হারিয়ে এক রাতেই নিঃস্ব হয়ে পড়েন উপকূলের অসংখ্য মানুষ।
সেই ভয়াল সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও বাগেরহাটের উপকূলীয় মানুষের আতঙ্ক কাটেনি। বিশেষ করে শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা এখনো নদীভাঙন, দুর্বল বেড়িবাঁধ ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছেন। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙন ও দুর্বল অংশ নতুন করে উদ্বেগ তৈরি করছে।
উপকূলীয় জনপদ রক্ষায় বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চললেও এসব কাজে ব্যবহৃত উপকরণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কোথাও কোথাও বাঁধ নির্মাণে পর্যাপ্ত মাটি ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করা হচ্ছে না। নামমাত্র মাটি ফেলে কাজ শেষ করার পাশাপাশি বাঁধের ভেতরে বালু ব্যবহারের অভিযোগও রয়েছে। এতে জোয়ারের পানির চাপ কিংবা নদীর ঢেউয়ে বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয়দের মতে, উপকূল রক্ষায় দায়সারা সংস্কার নয়, প্রয়োজন পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ। পাশাপাশি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি নদীশাসন, বাঁধের দুর্বল অংশ চিহ্নিত করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। তা না হলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আবারও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে উপকূলীয় জনপদ।
এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, জেলার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধগুলোর মধ্যে শরণখোলার সাউথখালী এলাকার বাঁধটি ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় প্রায় ২৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধটির বিষয়ে এখনো সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা বাগেরহাটের উপকূলীয় মানুষের দাবি, দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগে নিরাপদ হবে উপকূলীয় জনপদ। আর কোনো সিডরে যেন স্বজন হারাতে না হয়, হারাতে না হয় বছরের পর বছর ধরে গড়ে তোলা শেষ আশ্রয়টুকুও।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই