ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৪, ১৫ নভেম্বর ২০২৬

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন