ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

শেখ হাসিনার মামলার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫১, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৫, ১৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার মামলার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আইন অনুযায়ীই বিচার সম্পন্ন হয়েছে। কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার করার সুযোগ নেই। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে অবস্থানরত এই আসামিকে ফেরত দিতে সম্প্রতি বিবিসি বাংলাকে দুটি শর্তের কথা জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো শর্তগুলোর মধ্যে রয়েছে—মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার নতুন করে শুরু করা।

ভারতের এসব শর্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়? বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে সারা দেশে গণশুনানি করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল। আগামী বুধবার যশোর জেলা থেকে এ কার্যক্রম শুরু হবে। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিস আহমেদ।

মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যায়।

সাক্ষ্য গ্রহণ উপলক্ষে রোববার সকালে এ মামলায় গ্রেপ্তার থাকা এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান ও তৌহিদুল ইসলামসহ পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর ১৭ আসামি পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন রয়েছেন।

প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের প্রথমটিতে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন