শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৩, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়। এর দায় বাহিনী নেবে না।
রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর কোনো দায় নেই এবং বাহিনী কখনো তার দায় নেবে না।
মামলার বিষয়ে তিনি জানান, গত শনিবার একটি মামলার এজাহার সিএমপিতে আসে এবং তা পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় জানিয়ে কমিশনার বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এ ইউনিট করবে। নিয়ম অনুযায়ী, আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ বাহিনীর মধ্যে এ ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মানসিক চাপে পড়ার বিষয় নয়। কারণ, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়।
তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ নিজেকে সম্পৃক্ত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা
এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।
ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
যে অভিযোগে গ্রেপ্তার
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই